দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে জয়-পরাজয়ের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন প্রায় ৫ কোটি তরুণ ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী এই বিশাল জনশক্তিই আগামীর ক্ষমতার লড়াইয়ে প্রধান ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সের সব নাগরিককে ‘যুব’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ইসির তথ্যমতে, মোট ভোটারের একটি বড় অংশ জুড়ে এই তরুণ প্রজন্মের অবস্থান। ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ, সচেতন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় উজ্জীবিত এই ভোটাররা যেদিকে ঝুঁকবেন, ভোটের ফলাফল সেদিকেই গড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কেন তরুণরাই ‘কিংমেকার’ ইসি সূত্র বলছে, তরুণ ভোটারদের চাওয়া-পাওয়া প্রথাগত রাজনীতির চেয়ে ভিন্ন। তারা প্রার্থীর দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত যোগ্যতা, স্বচ্ছতা, কর্মসংস্থান, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ৫ কোটি ভোটার যদি ঐক্যবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে যেকোনো রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণে তারাই মুখ্য ভূমিকা পালন করবেন। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এবার তরুণদের জন্য বিশেষ কর্মসূচরি উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা এই ভোটব্যাংকের গুরুত্বকেই নির্দেশ করে।
বয়সভিত্তিক ভোটারের পরিসংখ্যান ইসির তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ২৬ থেকে ২৯ বছর বয়সীদের ক্যাটাগরিতে। নিচে তরুণ ভোটারদের বিস্তারিত বিন্যাস তুলে ধরা হলো:
১৮-২১ বছর: ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন।
২২-২৫ বছর: ১ কোটি ১৯ লাখ ৬২ হাজার ১০৬ জন।
২৬-২৯ বছর: ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ১৬২ জন।
৩০-৩৩ বছর: ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৬১৫ জন।
এছাড়া ৬০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯৯৪ জন, যারা নির্বাচনের ফলাফলে অভিজ্ঞতার নিরিখে প্রভাব রাখবেন।
ভোটের দুর্গ ‘ঢাকা অঞ্চল’ অঞ্চলভিত্তিক ভোটার বিন্যাসে ঢাকা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। ১ কোটি ৮৩ লাখের বেশি ভোটার নিয়ে ঢাকা অঞ্চল যেকোনো দলের জন্য ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু।
ঢাকা অঞ্চল: ১ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন।
রাজশাহী অঞ্চল: ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৮০ জন।
ময়মনসিংহ অঞ্চল: ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার ২৭১ জন।
চট্টগ্রাম অঞ্চল: ৯৯ লাখ ১১ হাজার ৩২০ জন।
সংশ্লিষ্টরা বলছেন, আজকের নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে ‘ঢাকা অঞ্চল’ এবং ‘৫ কোটি তরুণ ভোটার’—এই দুটিই হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। যারা এই বিশাল জনগোষ্ঠীকে আস্থায় নিতে পেরেছেন, দিন শেষে বিজয়োল্লাস তাদেরই হবে।
