বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে দীর্ঘ ১৮ বছর পর বিএনপির জয়ে নেতৃত্ব দেওয়া জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে বরিশাল থেকে নির্বাচিত আরেক তরুণ নেতা রাজীব আহসানও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পান। অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে তার এই বিজয়ে দীর্ঘ দেড় যুগ পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জহির উদ্দিন স্বপনের এই বিজয় বরিশাল অঞ্চলে বিএনপির পুনরুত্থানের ক্ষেত্রে একটি বড় বার্তা। অভিজ্ঞ এই রাজনীতিকের মন্ত্রিত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, তিনি বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চান। দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা জহির উদ্দিন স্বপনের রাজনীতির হাতেখড়ি বাম ছাত্র সংগঠন দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি ধাপে ধাপে দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক এবং মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন।
সংসদীয় রাজনীতিতেও তার অভিজ্ঞতা দীর্ঘ। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া স্বপন এবার তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন। অতীতে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সরকারি স্বচ্ছতা নিশ্চিতে কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার সরব উপস্থিতি রয়েছে; তিনি ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’-এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
এদিকে বরিশাল থেকে উঠে আসা আরেক নবনির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসানও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে এবারই প্রথম বিজয়ী হওয়া রাজীব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
