ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভায় নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। প্রধানমন্ত্রীসহ মোট ৪১ জনই প্রথমবারের মতো সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন। মঙ্গলবার বিকেলে শপথ নেওয়া এই মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন সরকারপ্রধান।
নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে ১৬ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীর সবাই এবারই প্রথম মন্ত্রিসভায় জায়গা পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন।
চমক হিসেবে দেখা হচ্ছে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৯ জনের বিষয়টিকে। তারা হলেন ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, দিনাজপুর-৬ আসনের ডা. এ জেড এম জাহিদ হোসেন (আবু জাফর মো. জাহিদ হোসেন), সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, রাঙামাটি আসনের দীপেন দেওয়ান, টাঙ্গাইল-১ আসনের ফকির মাহবুব আনাম ও ঢাকা-১০ আসনের শেখ রবিউল আলম।
অন্যদিকে বিগত ১৯৯১ ও ২০০১ সালের বিএনপি সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা ৯ জন অভিজ্ঞ রাজনীতিক এবারও ডাক পেয়েছেন। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু এবং আ ন ম এহসানুল হক মিলন।
২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২১ জনই এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি তিনজনের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর আগেও এমপি ছিলেন। এছাড়া নির্বাচনে ঢাকা-১৬ আসনে পরাজিত হয়েও টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। পূর্ণ মন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় শপথ নিয়েছেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশীদ। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার মোট সদস্যের এক-দশমাংশ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের সুযোগ রয়েছে।
তারেক রহমানের মন্ত্রিসভায় তিনজন নারী সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে আফরোজা খানম পূর্ণ মন্ত্রী হিসেবে এবং শামা ওবায়েদ ও ফারজানা শারমীন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা তিনজনই এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
