বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান খবর হিসেবে উঠে এসেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনের সরকারি ফলাফল এখনো ঘোষণা না হলেও, বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলো বিএনপির ভূমিধস বিজয়ের খবর প্রকাশ করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক মোড় হিসেবে অভিহিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বাংলাদেশে বিশাল জয়ের দিকে এগিয়ে, স্বীকার করল জামায়াত’। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে ঢাকায় ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বিএনপি। ভারতের আরেক বার্তা সংস্থা এএনআই তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের নির্বাচন: ভোট গণনা চলছে, জনমত তারেক রহমানের নেতৃত্বের পক্ষে’। এছাড়া ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু শিরোনাম করেছে, ‘২০ বছর পর বিএনপিকে জয়ের পথে নেতৃত্ব দিলেন তারেক রহমান’।
পাকিস্তানের গণমাধ্যমগুলোও এই ফলাফলকে গুরুত্ব সহকারে প্রচার করেছে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল জিও নিউজ তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিএনপি’। অন্য একটি প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, বিএনপির বিজয়ের পর নতুন সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান। দেশটির জাতীয় দৈনিক ডন শিরোনাম করেছে, ‘নির্বাচনে বড় বিজয় পেল বিএনপি, স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি’।
পশ্চিমা গণমাধ্যমে এই বিজয়কে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের উত্থানের ফসল হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রধান সংবাদ বা লিড নিউজে শিরোনাম করেছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় পেল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি’। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-ও একই সুরে শিরোনাম করেছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেল বিএনপি’। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান তাদের লিড নিউজে লিখেছে, ‘হাসিনাকে ছুড়ে ফেলার পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেল বিএনপি’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে উল্লেখ করেছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের পুত্র প্রধানমন্ত্রী হতে চলেছেন’।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অবশ্য বিজয়ের খবরের পাশাপাশি অন্য একটি দিকও তুলে ধরেছে। তারা শিরোনাম করেছে, ‘নির্বাচনে বিজয় দাবি করছে বিএনপি, জামায়াত ভোট গণনায় সন্তুষ্ট নয়’। সব মিলিয়ে, সরকারি ঘোষণার আগেই আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশের ক্ষমতার পালাবদল ও তারেক রহমানের নেতৃত্বের বিষয়টি স্বীকৃতি দিয়েছে।
