ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় অর্ধেক ভোটারের সমর্থন পেয়েছে। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার গঠনের পথে থাকা দলটি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট নিশ্চিত করেছে। অন্যদিকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থেকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে জামায়াতে ইসলামী।
রোববার নির্বাচন কমিশন দল ও প্রার্থীভিত্তিক প্রাপ্ত ভোটের এই পরিসংখ্যান প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের তিন দিন পর সংস্থাটি এই তথ্য জানাল।
ইসির তথ্যে দেখা যায়, দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। এছাড়া সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ নিজেদের ঘরে তুলেছেন।
নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আগামী মঙ্গলবার বিকেলে শপথ নিতে যাচ্ছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন ও পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দিল্লি থেকে পাওয়া খবরে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবারই প্রধান উপদেষ্টার পাঠানো আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন।
বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিদেশি অতিথিদের আমন্ত্রণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমন্ত্রিত দেশের তালিকায় ভারত, চীন ও পাকিস্তান ছাড়াও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
